Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / ১ জনের নামে ২৩৫৪ যানবাহন - Chief TV

১ জনের নামে ২৩৫৪ যানবাহন - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  38 views
১ জনের নামে ২৩৫৪ যানবাহন - Chief TV

পাকিস্তানের লাহোরে নম্বর প্লেটে কারসাজির অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করার পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মুহাম্মাদ উসমান নামের এক ব্যক্তির নামে নিবন্ধিত রয়েছে ২ হাজার ৩৫৪টি মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়ি। এসব যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে রয়েছে ২ হাজার ৮১৩টি জরিমানা, যার বকেয়া অর্থ ২৮ লাখ রুপির বেশি।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লাহোরের হলরোড এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় নম্বর প্লেটে কারসাজির অভিযোগে এক মোটরসাইকেল চালককে আটক করা হয়। পরে মোটরসাইকেলটির নিবন্ধন ও মালিকানা যাচাই করতে গিয়ে একই ব্যক্তির নামে বিপুলসংখ্যক যানবাহন নিবন্ধিত থাকার তথ্য সামনে আসে।

আটক মোটরসাইকেলটি বর্তমানে লাহোরের কিলা গুজ্জর সিং থানায় জব্দ রয়েছে। তবে এত বিপুলসংখ্যক যানবাহন কীভাবে একজনের নামে নিবন্ধিত হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং যানবাহনগুলোর নিবন্ধনপ্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সেফ সিটি কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে নিবন্ধিত যানবাহনগুলোর প্রকৃত মালিকদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের ধারণা, ঘটনার সঙ্গে নিবন্ধনসংক্রান্ত জালিয়াতি বা কোনো সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পুলিশের মুখপাত্র সৈয়দ আব্দুল রহিম শিরাজী বলেন, নম্বর প্লেট পরিবর্তন কিংবা এ-সংক্রান্ত অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত মালিককে শনাক্ত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করতেও তদন্ত চলছে।

এক ব্যক্তির নামে হাজার হাজার যানবাহন নিবন্ধন এবং বিপুল অঙ্কের জরিমানার তথ্য প্রকাশ্যে আসায় পাকিস্তানের যানবাহন নিবন্ধন ও নম্বর প্লেট যাচাইব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।


Share: