Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / ‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি - Chief TV

‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি - Chief TV

2026-10-26  ডেস্ক রিপোর্ট  28 views
‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলি - Chief TV

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নয় কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরের বিভিন্ন সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে হঠাৎ করে কেন তাঁদের বদলি করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। এতে শুধু জনস্বার্থে এ আদেশ জারির কথা বলা হয়েছে।

আগামী শিক্ষাবর্ষের বিভিন্ন পাঠ্যবইয়ে ছবি ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এনসিটিবির এসব কর্মকর্তাকে বদলি করা হলো। এর আগে রোববারও সংস্থাটির আরেক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে, মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স কলেজে এবং রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদ হুমায়ুন কবীর, মো. মনির হোসেন মজুমদার ও আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিনই তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।


Share: