খাগড়াছড়ির বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাঘাইহাট জোনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্য সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।
সেশনে মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী আক্তারের নেতৃত্বে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ সময় মাসিক স্বাস্থ্য পরিচর্যা ও প্রয়োজনীয় করণীয়, পুষ্টিকর খাবার গ্রহণ ও সুষম খাদ্যাভ্যাস, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাঘাইহাট জোনের এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুস্থ ও নিরাপদ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে।