Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / বাউফলে ১৩০ কৃতী শিক্ষার্থী পেল ছাত্রদলের উপহার - Chief TV

বাউফলে ১৩০ কৃতী শিক্ষার্থী পেল ছাত্রদলের উপহার - Chief TV

2026-08-22  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  34 views
বাউফলে ১৩০ কৃতী শিক্ষার্থী পেল ছাত্রদলের উপহার - Chief TV

পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ (A+) পাওয়া ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর ছাত্রদল। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ফলদ গাছের চারা ও খাবার বিতরণ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ব্যাগ, ছাতা, মগ, কলম, বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা ও খাবার তুলে দেওয়া হয়। বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুর রহমান খোকন ও সাইফুল ইসলাম জুরানসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো করার আহ্বান জানান।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা ব্যবস্থার যে অঙ্গীকার রয়েছে, তা বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও সোনালি আঁশ পাটের তৈরি স্কুল ব্যাগ তৈরির ব্যবস্থার কথাও তারা তুলে ধরেন।


Share: