পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রস্তাবিত কমিটি বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন মো. জসিম উদ্দিন জামসেদ।
লিখিত অভিযোগে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম প্রস্তাব করার বিধান রয়েছে। তবে অভিযোগকারীর দাবি, ওই বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয় শ্রেণির একজন কর্মচারীর নাম প্রস্তাব করেছেন।
অভিযোগে প্রস্তাবিত সভাপতি উপ-প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন মামুন সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই না করেই সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে বলেও অভিযোগকারীর দাবি।
আবেদনে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়ন বাতিল, বিধি অনুযায়ী নতুন করে প্রস্তাব পাঠানো এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ডের এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।