Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু, শোকের ছায়া গ্রামে - Chief TV

বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু, শোকের ছায়া গ্রামে - Chief TV

2026-09-02  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  69 views
বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু, শোকের ছায়া গ্রামে - Chief TV

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই সহোদর কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শৌলখালী গ্রামের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তারা মহিষপুরা পুলিশ ক্যাম্পের পাশের মাঠে নিজেদের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করলেও ততক্ষণে তারা মারা যান।

দুই ভাইয়ের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্থানীয়রা জানান, বিধান ও মানিক পরিবারের দায়িত্ব সামলাতে নিয়মিত কৃষিকাজ করতেন। তাদের মৃত্যুতে পরিবারটি বড় ধরনের সংকটে পড়েছে।

ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং পরিবারের জন্য প্রাথমিক আর্থিক সহায়তার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয়রা বলছেন, খোলা মাঠে কৃষিকাজের সময় বজ্রপাতের ঝুঁকি কমাতে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগাম সতর্কবার্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকায় কৃষকদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


Share: