জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়, সুজাত মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৩ হাজার টাকা।
শনিবার রাতে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া ও লাউচাপড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৈষ্ণবপাড়ায় সুজাত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাউচাপড়া এলাকা থেকে আমান উল্লাহ উদয়কে আটক করা হয়।
অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২১৭ বোতল মদ উদ্ধার করা হয়। এ ছাড়া ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয় (২৭), বৈষ্ণবপাড়ার সুজাত মিয়া (৩৭), মো. সিফাত (২০), গাজীপুরের মো. রুবেল মিয়া (২৭) এবং বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া মির্ধাপাড়ার মো. ফুরকান হোসেন (১৯)।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার পাঁচজনকে জামালপুরে পাঠানো হয়। জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদক কারবারে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।