Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / ৩৩ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা - Chief TV

৩৩ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  34 views
৩৩ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা - Chief TV

ভারতের টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে তরুণ অভিনেতা অনুজ ঠাকুরের মৃত্যুতে। মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন তিনি। ঘুমের মধ্যে খিঁচুনিতে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার।

গত ২৭ অক্টোবর অনুজের মৃত্যু হলেও সোমবার (২ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি অভিনেতা।

বন্ধু রূপেশ সোনার এক সাক্ষাৎকারে জানান, অনুজের জীবনযাপনে বেশ নিয়মশৃঙ্খলা ছিল। সাধারণত ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠতেন তিনি। শরীরচর্চা ও জগিং ছিল তাঁর প্রতিদিনের অভ্যাস। তবে মৃত্যুর দিন সকালে নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলেও ঘুম থেকে ওঠেননি অনুজ। পরে তাঁর মা ঘরে গিয়ে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের কাছ থেকে রূপেশ জানতে পারেন, খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পরই অনুজের মৃত্যু হয়েছে।

বন্ধুর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রূপেশ সোনার। অনুজকে শুধু বন্ধু নয়, নিজের ছোট ভাইয়ের মতো মনে করতেন বলে উল্লেখ করেছেন তিনি। তাঁদের একসঙ্গে আরও অনেক কাজ করার পরিকল্পনা ছিল বলেও জানান রূপেশ।

রূপেশের ভাষ্য অনুযায়ী, অনুজের অভিনয়জীবনের শুরুর দিকের সংগ্রাম থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পুরো যাত্রার সাক্ষী ছিলেন তিনি। দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তাঁদের দেখা হয়েছিল। এত অল্প সময়ের ব্যবধানে বন্ধুকে হারাতে হবে, তা কল্পনাও করেননি তিনি।

রূপেশ জানান, ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকে কাজ করার সময় অনুজের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও ধারাবাহিকে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। দীর্ঘদিনের সেই পরিচয় একসময় গভীর বন্ধুত্বে রূপ নেয়।

মৃত্যুর আগে আবারও অভিনয়জগতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অনুজ। নতুন করে কাজ শুরু করার বিষয়ে তাঁর মধ্যে আগ্রহ ও উদ্দীপনা ছিল। অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন তিনি। তবে সেই প্রত্যাশা পূরণের আগেই আকস্মিকভাবে থেমে যায় তাঁর পথচলা।

টেলিভিশনের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অনুজ ঠাকুর। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমো কা’, ‘বিন্দ বানোঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’। এসব ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি।

অনুজের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও অভিনয়জগতের পরিচিতজনেরা। অভিনেতা ভাকুয়ার শেখ এবং ‘বিগ বস ১৮’-এর পরিচিত মুখ ইয়ামিনী মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়েছেন। তরুণ এই অভিনেতার মৃত্যুতে শোকাহত তাঁর বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


Share: