Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / সেই ৬টি সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ - Chief TV

সেই ৬টি সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ - Chief TV

2026-11-02  ডেস্ক রিপোর্ট  19 views
সেই ৬টি সোনার ডিম বিক্রি হয়নি, ফেরত নেওয়ার পথে জব্দ - Chief TV

আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সোনার ছয়টি ‘ডিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৭২৮ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৯১ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পৃথক দুটি অভিযানে এসব সোনা জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহভাজন হিসেবে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে ওই যাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ১ কেজি ৩৬৪ গ্রাম ওজনের তিনটি সোনার ‘ডিম’ উদ্ধার করা হয়।

অন্যদিকে, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা অবস্থায় আরও তিনটি সোনার ‘ডিম’ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এগুলোর ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোনার ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। তবে দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, সোনার প্রকৃত উৎস, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা, সম্ভাব্য চোরাচালান চক্র এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Share: