Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান - Chief TV

মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  28 views
মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান - Chief TV

ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)। চুক্তির মূল্য বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, তাদের পরিবহন ব্যবসা বিভাগ ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্পের আওতায় এ কাজের দায়িত্ব পেয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির মূল্য পাঁচ হাজার কোটি ভারতীয় রুপির বেশি। এ প্রকল্প বাস্তবায়নে জাপানের প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশনের সঙ্গে যৌথ অংশীদারিতে কাজ করবে এলঅ্যান্ডটির পরিবহন অবকাঠামো বিভাগ।

চুক্তির আওতায় রেলপথ নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপন, সংকেতব্যবস্থা, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্মে যাত্রী নিরাপত্তার জন্য বিশেষ দরজা স্থাপনের কাজ রয়েছে। এসব ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে মেট্রোরেল লাইন-১-এর গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা হবে।

এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলব্যবস্থা নির্মাণের কাজ পেয়েছিল এলঅ্যান্ডটি। প্রতিষ্ঠানটি ওই প্রকল্পের কাজ সম্পন্ন করেছে। বর্তমানে লাইন-৬ বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

এলঅ্যান্ডটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও পরিবহন অবকাঠামো বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কাছ থেকে বারবার কাজের আদেশ পাওয়া বিশ্বজুড়ে বৃহৎ ও সমন্বিত নগর গণপরিবহন প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সক্ষমতার প্রমাণ।


Share: