কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. মুসলিম সরদারকে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বিভাগীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলেজ প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এসব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ।
কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা সংক্রান্ত একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের লিখিত অভিযোগসহ সংশ্লিষ্ট নথিপত্র পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এদিকে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এতে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার নেতাকর্মীরাও সহযোগিতা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মো. মুসলিম সরদার জানান, তার মা ঢাকার একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি থাকায় তিনি সেখানে রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ বা দায়িত্ব থেকে অব্যাহতির অফিস আদেশ সম্পর্কে তিনি এখনো অবগত নন বলে জানান। বিষয়টি নিয়ে পরদিন কথা বলবেন বলেও জানান তিনি।