Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / দাবি আদায়ে অনড় চা শ্রমিকেরা, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি - Chief TV

দাবি আদায়ে অনড় চা শ্রমিকেরা, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  28 views
দাবি আদায়ে অনড় চা শ্রমিকেরা, সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি - Chief TV

মজুরি-সংক্রান্ত বিরোধের সমাধান ও দাবি আদায়ের লক্ষ্যে হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকেরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তাঁরা। প্রয়োজনে রাজধানীর সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক নেতারা।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জেলার চুনারুঘাট উপজেলার লালচাঁদ চা বাগানের মন্দির প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাল সাঁওতালের সভাপতিত্বে এতে লালচাঁদ, দেউন্দি, গিলানী ও নোয়াপাড়া চা বাগানের শ্রমিকেরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, কার্তিক বাকতি, লক্ষ্মীকান্ত রায় এবং দেউন্দি চা বাগানের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস।

বক্তারা বলেন, মজুরি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান না হওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছেন। বর্তমান মালিকপক্ষের অধীনে আর কাজ করতে চান না বলেও জানান তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক নেতারা।

সমাবেশে জানানো হয়, আগামী রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন শ্রমিকেরা। পরে নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।

শ্রমিক নেতারা আরও বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর করা হবে। দাবি আদায়ে প্রয়োজনে রাজধানীর সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচিও নেওয়া হতে পারে।


Share: