নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবারের এইচএসসি পরীক্ষা শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু।
পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা শেষে আনন্দের সঙ্গে বাড়ির পথে রওনা হয়েছিলেন তারা। কিন্তু মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় নিভে যায় দুই তরুণ প্রাণ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দের প্রক্রিয়া শুরু করে। এদিকে পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।