Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / গাজীপুরে ২৪ ঘন্টায় ৪ জনের মরদেহ উদ্ধার - Chief TV

গাজীপুরে ২৪ ঘন্টায় ৪ জনের মরদেহ উদ্ধার - Chief TV

2026-08-21  ডেস্ক রিপোর্ট  29 views
গাজীপুরে ২৪ ঘন্টায় ৪ জনের মরদেহ উদ্ধার - Chief TV

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক, সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক মোটরসাইকেল আরোহী এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও মহানগরীর বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে শাকিল (৩১) নামে এক যুবক নিহত হন। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেয়।

অন্যদিকে, শ্রীপুরের বরামা গ্রামের সত্তরোর্ধ্ব তারা বানু ওষুধ কিনতে অটোরিকশায় করে বাজারে যাচ্ছিলেন। দুপুরে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তারা বানু নিহত হন। এ ঘটনায় আরও চার যাত্রী আহত হয়েছেন। নিহত তারা বানু বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী।

আহতদের মধ্যে একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) ও নুরুল ইসলাম (৩২) রয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ চন্দ্র (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুরের কাহারুল খান্ডা গ্রামের সূর্য কান্তের ছেলে। লতিফপুর গ্রামে রবিউল ইসলামের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন তিনি। বুধবার রাতে কাজ শেষে বাসায় ফিরে গোসল করার পর ভেজা কাপড় উঠানের তারে মেলে দিতে গেলে বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সালনা হাইওয়ে থানার ওসি শাহাবুল ইসলাম জানান, দুপুরে বিমান বাহিনী ঘাঁটি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নিহত এবং চালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।


Share: