ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১টার দিকে ভাঙ্গার গোলচত্বর এলাকায় এ মিছিল হয়েছে বলে জানা গেছে।
নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। পরে ভিডিওটির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তার নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কর্মী কায়েসের নেতৃত্বে রাত ১টার দিকে গোলচত্বর এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়েছে।
এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একটি সড়কে কয়েকজন যুবক মশাল হাতে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, মশাল মিছিলের বিষয়ে তিনি অবগত নন। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।