Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / মৃত্যুর আগে মায়ের সঙ্গে কী কথা হয়েছিল তাহসিফের - Chief TV

মৃত্যুর আগে মায়ের সঙ্গে কী কথা হয়েছিল তাহসিফের - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  25 views
মৃত্যুর আগে মায়ের সঙ্গে কী কথা হয়েছিল তাহসিফের - Chief TV

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তাঁর বাবা কে এম জসিম উদ্দিন করিম। শুক্রবার (৩০ অক্টোবর) তিনি উত্তরখান থানায় অভিযোগ করেন। এদিকে তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। শনিবার সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।

মামলার এজাহার ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ সৌরি। রাত গভীর হলেও তিনি বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর মা একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলে কিছুক্ষণের মধ্যে বাসায় ফেরার কথা জানান তাহসিফ।

এজাহারে বলা হয়েছে, রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে তাহসিফের মুঠোফোন নম্বর থেকে তাঁর মায়ের কাছে একটি কণ্ঠবার্তা আসে। সেখানে তিনি ‘রওনা দিচ্ছি, আসিতেছি’ বলে জানান। এরপর পরিবারের কারও সঙ্গে আর যোগাযোগ করেননি তিনি। বাসায়ও ফেরেননি।

পরবর্তী সময়ে বুধবার (২৮ অক্টোবর) উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ছেলের মৃত্যুর ঘটনায় সন্দেহ প্রকাশ করে মামলা করেছেন বাবা কে এম জসিম উদ্দিন করিম। তিনি ছেলের বাসা থেকে বের হওয়া, পরিবারের সঙ্গে সর্বশেষ যোগাযোগ এবং পরে নদ থেকে মরদেহ উদ্ধারের ঘটনাগুলো উল্লেখ করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

তাঁর দাবি, তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করতে হবে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এদিকে তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নৌ পুলিশের তুরাগ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মোস্তাফিজ বিষয়টি নিশ্চিত করে জানান, উত্তরখান থানায় দায়ের হওয়া মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।


Share: