রাজধানীর রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন (১৯)।
শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়।
মামলাটির তদন্তে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে দুই যুবকের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা চারটি ককটেল ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলেই নিষ্ক্রিয় করে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।