Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ গুম, স্বামী আটক

নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ গুম, স্বামী আটক

2026-08-20   42 views
নরসিংদীতে স্ত্রীকে হত্যার পর লাশ গুম, স্বামী আটক

নরসিংদীর মাধবদীতে স্ত্রী জাহানারা বেগমকে (৩৯) হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে তার স্বামী শরীফ মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) রাতে তাকে আটক করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে সামাজিকভাবে জাহানারা বেগমের সঙ্গে শরীফ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শরীফ মাধবদী শহরের একটি হোটেলে কাজ করতেন। নিহতের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফ মিয়া দাবি করেন, সোমবার বিকেলে স্ত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে থাপ্পড় দিলে জাহানারা টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে ঘরে নিয়ে যাওয়ার পর জ্ঞান না ফেরায় কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন স্ত্রী মারা গেছেন।

শরীফের দাবি, ঘটনা জানাজানি হওয়ার ভয়ে তিনি কাউকে না জানিয়ে মরদেহ মাটিচাপা দেন। পরে বুধবার দুপুরে থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করার চেষ্টা করেন। তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে জিজ্ঞাসাবাদে ঘটনাটি বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, স্ত্রীকে হত্যার পর মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে শরীফ মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশের প্রয়োজন রয়েছে। আদেশ পাওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।


Share: