Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর - Chief TV

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর - Chief TV

2026-09-07  ডেস্ক রিপোর্ট  23 views
প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর - Chief TV

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানি শেষে ক্ষোভ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, সিফাত আব্দুল্লাহর জামিন চাওয়া হয়েছিল। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

তিনি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের যে বক্তব্য বা কটূক্তির বিষয়টি আলোচনায় এসেছে, মামলার এজাহারে সে বিষয়ে কিছু উল্লেখ নেই। এমনকি রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও শুনানিতে বিষয়টি উত্থাপন করেননি। ৪ জুনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে সিফাতের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, সিফাতকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকির রহমান বলেন, সিফাত আব্দুল্লাহ ফ্যাসিবাদের দোসর এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তার পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেন, সিফাত আব্দুল্লাহ এনসিপির একজন সক্রিয় কর্মী। তিনি বলেন, সিফাত বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং তার আন্দোলনের ছবি ও ভিডিও রয়েছে। তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা পুলিশ। রাত ৯টার দিকে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় ৪ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।


Share: