Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / প্রেমে 'ছ্যাকা খেয়ে' ইয়াবা কারখানা গড়ে তোলেন বাপ্পি - Chief TV

প্রেমে 'ছ্যাকা খেয়ে' ইয়াবা কারখানা গড়ে তোলেন বাপ্পি - Chief TV

2026-10-31  ডেস্ক রিপোর্ট  29 views
প্রেমে 'ছ্যাকা খেয়ে' ইয়াবা কারখানা গড়ে তোলেন বাপ্পি - Chief TV

গাজীপুরের টঙ্গীতে একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে কারখানা থেকে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাজমুল ওই এলাকার বাসিন্দা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। পরে শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম জানান, বাড়িটির চতুর্থ তলায় ইয়াবা তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপাদান মজুত ছিল। সেখানে একটি পরীক্ষাগার ও গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। কক্ষটি বাড়ির ভেতরের দিকে এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সহজে সেখানে প্রবেশ করা না যায়। অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ইয়াবা তৈরির উদ্দেশ্যে এসব রাসায়নিক উপাদান সংগ্রহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের কাছে নাজমুল দাবি করেছেন, কয়েক বছর আগে প্রবাস থেকে দেশে ফেরার পর এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। ওই সম্পর্কের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন বলে তাঁর ভাষ্য। এরপর ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই কারখানাটি স্থাপন করেন বলে দাবি তাঁর।


Share: