Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / প্রভাসের সিনেমায় সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগ - Chief TV

প্রভাসের সিনেমায় সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগ - Chief TV

2026-10-30  ডেস্ক রিপোর্ট  26 views
প্রভাসের সিনেমায় সুভাষচন্দ্র বসুকে অপমানের অভিযোগ - Chief TV

দক্ষিণী তারকা প্রভাস অভিনীত ‘ফৌজি’ সিনেমার টিজার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঐতিহাসিক চরিত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁর প্রপৌত্র চন্দ্রকুমার বসু। সিনেমাটিতে ইতিহাস বিকৃত করে নেতাজির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

এ ঘটনায় ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে চিঠি দিয়ে বিতর্কিত টিজার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন চন্দ্রকুমার বসু। একই সঙ্গে টিজারটি কীভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল, তা নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পিরিয়ড ওয়ার-অ্যাকশন ঘরানার সিনেমা ‘ফৌজি’ নিয়ে দর্শকের মধ্যে আগে থেকেই আগ্রহ রয়েছে। গত ২৩ অক্টোবর প্রভাসের জন্মদিন উপলক্ষে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়। সেখানে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর উপস্থিতি দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিজারে নেতাজিকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখানো হয়েছে। এ উপস্থাপনাকেই আপত্তিকর বলে মনে করছেন চন্দ্রকুমার বসু।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি টিজারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। পাশাপাশি প্রশ্ন তোলেন, কীভাবে এমন বিষয়বস্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল। চিঠিতে তিনি লেখেন, নেতাজিকে এভাবে উপস্থাপন করাকে তাঁরা অত্যন্ত আপত্তিকর মনে করছেন।

সিনেমাটির ছাড়পত্র দেওয়ার সঙ্গে যুক্ত সেন্সর বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চন্দ্রকুমার বসু। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রীকে পাঠানো চিঠির অনুলিপি প্রকাশের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করেন তিনি।

পোস্টে চন্দ্রকুমার বসু বিষয়টি তদন্ত করে দেখার আহ্বান জানান। তাঁর মতে, সেন্সর বোর্ডের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে দেশের প্রতি ন্যায়বিচার নিশ্চিত হবে।

এদিকে সিনেমার কলাকুশলীদের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলেও জানিয়েছেন তিনি। তবে ঐতিহাসিক তথ্যের যথাযথ উপস্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন নেতাজির এই প্রপৌত্র। তাঁর দাবি, বিতর্কিত টিজার সরিয়ে ঐতিহাসিক তথ্যকে অগ্রাধিকার দিয়ে নতুন করে টিজার প্রকাশ করা হোক।


Share: