Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, মামলা - Chief TV

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, মামলা - Chief TV

2026-06-06  ডেস্ক রিপোর্ট  144 views
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, মামলা - Chief TV
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশ পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জীবন (৩৪), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মো. আলম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মো. সোহেল (৪৪), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আয়নাল মিয়া (৪৫) এবং ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করে। পরে তাঁদের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, "নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে।
 
নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কার্যক্রম চালানো কিংবা এর সঙ্গে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share: