চট্টগ্রামের লোহাগাড়ায় বাজার কমিটির নির্বাচনে পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় স্থানীয় নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। তাঁর গোসলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। ফারুক আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের পক্ষে নিয়মিত বক্তব্য ও ভিডিও প্রকাশ করায় স্থানীয়ভাবে তিনি দলটির সমর্থক হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আধুনগর বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে প্রার্থীদের ঘিরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে পৃথক অবস্থান তৈরি হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপির সমর্থকদের পছন্দের প্রার্থী বিজয়ী হন। এতে ক্ষুব্ধ হন ফারুক।
ফারুকের অভিযোগ, নির্বাচনে তাঁর পছন্দের প্রার্থীকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন স্থানীয় জামায়াত নেতারা। তবে শেষ পর্যন্ত তাঁরা সেই আশ্বাস রাখেননি। ফলাফল ঘোষণার পর নিজের ফেসবুক আইডিতে ভিডিও বক্তব্য দিয়ে ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ভোটসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগও তোলেন।
পরে রাতেই আধুনগর বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জামায়াতের প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দেন ফারুক। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনকে হাততালি দিতে দেখা যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ফারুকের দাবি, তিনি জামায়াতের কোনো সাংগঠনিক পদে ছিলেন না। তবে দীর্ঘদিন ধরে দলটির আদর্শ ও কার্যক্রমকে সমর্থন করে আসছিলেন। ইউনিয়ন পর্যায়ের নেতাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে এখন আর দলটির সঙ্গে থাকতে চান না তিনি।
তবে ফারুকের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের। তাঁর ভাষ্য, ফারুক দলটির সমর্থক হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও বাজার কমিটির নির্বাচনে জামায়াত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। বিএনপিও দলীয়ভাবে কাউকে সমর্থন দেয়নি বলে দাবি করেন তিনি।
আবদুল কাদেরের মতে, নির্বাচনে ফারুকের ব্যক্তিগত পছন্দের প্রার্থী পরাজিত হওয়ায় আবেগের বশবর্তী হয়ে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।