Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / একই পরিবারের তিনজন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ - Chief TV

একই পরিবারের তিনজন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ - Chief TV

2026-09-06  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  30 views
একই পরিবারের তিনজন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ - Chief TV

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্য হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২ আগস্ট দিবাগত রাত থেকে ৪ আগস্টের মধ্যে কোনো একসময় চান্দেরকোলা গ্রামে ওই পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়। ৪ আগস্ট সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় একটি হত্যা মামলা করা হয়।

মামলার তদন্তে জেলা গোয়েন্দা শাখা ও কচুয়া থানা পুলিশের যৌথ দল প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে। সর্বশেষ ৫ সেপ্টেম্বর রাতে মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের সূত্র ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মূল আসামি জাহিদুল ইসলামের সঙ্গে ভুক্তভোগী পরিবারের এক নারীর কথিত সম্পর্ককে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে পুলিশের দাবি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের কাছ থেকে পাওয়া তথ্য ও উদ্ধার করা আলামত তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামত ও তদন্তে পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করা হবে। মামলার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share: