পটুয়াখালীর বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে এবং চার মেয়ের বাবা।
স্থানীয়দের দাবি, রোববার সকালে রাস্তা দিয়ে একটি ভ্যাকু মেশিন নেওয়ার সময় পল্লীবিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে যায়। খবর পেয়ে পল্লীবিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের কর্মীরা ঘটনাস্থলে এলেও ছেঁড়া তার মেরামতের জন্য স্থানীয় কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
টাকা দিতে না পারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারটি রাস্তার ওপর পড়ে থাকলেও সেটি মেরামত না করেই কর্মীরা চলে যান বলে স্থানীয়রা অভিযোগ করেন।
সোমবার দুপুরে গরুর ঘাস কাটতে যাওয়ার সময় রাস্তার ওপর পড়ে থাকা ওই ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইউসুফ রাড়ির মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন পল্লীবিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনার বিষয়ে জানতে পল্লীবিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ জরুরি অভিযোগ নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনা শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।