Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / বিজিবির টহলে অস্ত্র-গুলিসহ দুই মোবাইল উদ্ধার - Chief TV

বিজিবির টহলে অস্ত্র-গুলিসহ দুই মোবাইল উদ্ধার - Chief TV

2026-10-17  মনিরুল ইসলাম মাহিম (খাগড়াছড়ি)  110 views
বিজিবির টহলে অস্ত্র-গুলিসহ দুই মোবাইল উদ্ধার - Chief TV

খাগড়াছড়ির পানছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে একটি সাবমেশিনগান, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৭ অক্টোবর) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে বিজিবির একটি নিয়মিত টহল দল কচুছড়িমুখ পাড়া এলাকায় পৌঁছায়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১২০ থেকে ১৫০ গজ দূরে অন্ধকার স্থানে কয়েকজনের সন্দেহজনক উপস্থিতি দেখতে পান টহল সদস্যরা।

পরে কৌশলগতভাবে সামনে এগিয়ে গেলে সীমান্তসংলগ্ন পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০ থেকে ১২ জনের একটি দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাঁদের থামার নির্দেশ দিলে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় টহল দল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে পাশের ঘন পাহাড়ি জঙ্গলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার সাবমেশিনগান, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ এবং পাহাড়ি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক পাচার প্রতিরোধেও এ ধরনের অভিযান চলবে।


Share: