আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় বাউফলের কৃতি সন্তান হাফেজ নুর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাফেজ নুর উদ্দিন জাকারিয়ার অসাধারণ সাফল্যে বাউফলবাসীসহ পুরো বাংলাদেশ গর্বিত। পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করায় তিনি হাফেজ জাকারিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, হাফেজ জাকারিয়ার এই অর্জন শুধু বাউফলবাসীর জন্য নয়, পুরো দেশের জন্যই অত্যন্ত গৌরবের। তার সাফল্য দেশের তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধ চর্চায় অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বিশ্বজয়ী হাফেজ নুর উদ্দিন জাকারিয়া ও তার গর্বিত বাবা-মাকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেন বাংলাদেশের হাফেজ নুর উদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেন তিনি।
সৌদি আরবের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় মোট পুরস্কারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।