Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / চৌদ্দগ্রামে গ্রীণ ভিউ-২ হোটেল উদ্বোধন করলেন তাহের - Chief TV

চৌদ্দগ্রামে গ্রীণ ভিউ-২ হোটেল উদ্বোধন করলেন তাহের - Chief TV

2026-09-06  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  23 views
চৌদ্দগ্রামে গ্রীণ ভিউ-২ হোটেল উদ্বোধন করলেন তাহের - Chief TV

কুমিল্লার চৌদ্দগ্রামে মিলাদ মাহফিল ও দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে ‘গ্রীণ ভিউ-২ হোটেল, রেস্টুরেন্ট ও সুইটস’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় নবনির্মিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি। দোয়া-মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদরাসার সাবেক হেড মুহাদ্দিস হযরত মাওলানা মো. আবদুর রাজ্জাক।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে রুচিশীল, সুস্বাদু ও টাটকা খাবার পরিবেশনের পাশাপাশি অগ্রিম অর্ডারের মাধ্যমে বিভিন্ন স্থানে খাবার সরবরাহ করা হবে। এছাড়া আধুনিক ব্যবস্থাপনার কমিউনিটি সেন্টার এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য হলরুম বুকিংয়ের সুবিধাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। প্রতিষ্ঠানটি চালু হওয়ায় স্থানীয় অন্তত ২০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ করা। রাজনীতির সঙ্গে মাস্তানি একসঙ্গে চলতে পারে না। রাজনীতিবিদদের ভাষা সুন্দর ও মার্জিত হওয়া উচিত এবং মানুষের জন্য শিক্ষণীয় হওয়া উচিত। যে দলই করা হোক না কেন, মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করতে হবে।

চৌদ্দগ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডা. তাহের আরও বলেন, প্রতিষ্ঠানটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়। এটি এলাকার সব মানুষের জন্য উন্মুক্ত একটি প্রতিষ্ঠান। অর্থের বিনিময়ে মানুষ এখান থেকে সেবা নেবে। এমন প্রতিষ্ঠান শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, সেবার মানসিকতা নিয়েও পরিচালিত হয়। তাই প্রতিষ্ঠান বা এলাকার মানুষের ক্ষতি হয়—এমন কোনো কাজ না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর, চৌদ্দগ্রাম থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের আমীর মুহা. মাহফুজুর রহমান, সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, আলেম-ওলামা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Share: