Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / দাখিলে গণিতে ১০০-তে ১০০, কওমি শিক্ষার্থী সালমানের সাফল্য - Chief TV

দাখিলে গণিতে ১০০-তে ১০০, কওমি শিক্ষার্থী সালমানের সাফল্য - Chief TV

2026-08-13  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  40 views
দাখিলে গণিতে ১০০-তে ১০০, কওমি শিক্ষার্থী সালমানের সাফল্য - Chief TV

কওমি মাদরাসায় পড়াশোনার পাশাপাশি দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মাদরাসাতু আহমাদের শিক্ষার্থী মিয়া সালমান। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে গণিতে ১০০-তে ১০০ নম্বর পাওয়ার পাশাপাশি মোট ১৩০৭ নম্বর অর্জন করেছে সে।

মিয়া সালমান বর্তমানে মাদরাসাতু আহমাদের মাদানী নেসাবের তৃতীয় বর্ষে অধ্যয়ন করছে। এর আগে মাদানী নেসাবের প্রথম বর্ষের বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে মাদরাসার পক্ষ থেকে ওমরাহ পালনের সুযোগও পেয়েছিল সে।

এবারের দাখিল পরীক্ষায় গণিতে পূর্ণ নম্বরের পাশাপাশি উচ্চতর গণিতে ৯৬, কেমিস্ট্রিতে ৯৬ এবং ফিজিক্স ও বায়োলজিতে ৯৪ করে নম্বর পেয়েছে মিয়া সালমান।

মাদরাসাতু আহমাদের পরিচালক যুবায়ের আহমাদ বলেন, ‘এই ফলাফল প্রমাণ করে যে, কওমি ছাত্ররা সুযোগ পেলে কওমি সিলেবাসে ভালো করার পাশাপাশি জেনারেল পড়াশোনাতেও সর্বোচ্চ ভালো করতে সক্ষম।’

মিয়া সালমানের বাবা ইংরেজির অধ্যাপক। ছেলের ফলাফলে শুকরিয়া প্রকাশ করে তিনি বলেন, কওমি মাদরাসা থেকে মাত্র ৯-১০ মাসের প্রস্তুতিতে সরাসরি দাখিলের চূড়ান্ত পরীক্ষায় এমন ফলাফল অর্জন দেশের শিক্ষা অঙ্গনে দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁর ভাষ্য, মাদরাসাতু আহমাদ শিক্ষা ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মনির্ভরশীল ও যোগ্য দাঈ তৈরির এ উদ্যোগে নিয়োজিত শিক্ষকদের প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা যুবায়ের আহমাদের সমন্বিত শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন তিনি।

এদিকে শুধু মিয়া সালমান নয়, এ বছর মাদরাসাতু আহমাদের দাখিল পরীক্ষার্থীদের সামগ্রিক ফলাফলও উল্লেখযোগ্য। মাদরাসাটির দাখিল বর্ষের পরিচালক আরিফ স্যার জানান, এ বছর প্রতিষ্ঠানের ৬৭ শতাংশ শিক্ষার্থী এ প্লাস (A+) পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সর্বনিম্ন ফলাফল ছিল জিপিএ ৪.৬১। তাঁর দাবি, এসব শিক্ষার্থীই কওমি শিক্ষার্থী।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, আগামী ২০২৭ সালে মাদরাসাতু আহমাদ থেকে প্রায় ১০০ শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। মাদরাসার পরিচালক যুবায়ের আহমাদ আশা প্রকাশ করেছেন, আগামী বছর ১০০ শিক্ষার্থীই এ প্লাস পাবে, ইনশাআল্লাহ।

এর আগে চলতি বছর মাদরাসাতু আহমাদের হিফজ বিভাগের একজন শিক্ষার্থী বেফাক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে বলেও জানানো হয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, দ্বীনি ও দুনিয়াবি—উভয় ধারার শিক্ষায় সর্বোচ্চ জ্ঞান অর্জনের মাধ্যমে মাদরাসাতু আহমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে।


Share: