Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধার ফ্যামিলি কার্ড নিয়ে বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ - Chief TV

গাইবান্ধার ফ্যামিলি কার্ড নিয়ে বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ - Chief TV

2026-08-14  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  29 views
গাইবান্ধার ফ্যামিলি কার্ড নিয়ে বিক্ষোভ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ - Chief TV
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে দৈনিক আমার সংবাদ ও গণকণ্ঠের গাইবান্ধা জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইউএনও কার্যালয় চত্বর প্রদক্ষিণের সময় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কার্যালয়ের দ্বিতীয় তলার জানালা, চেয়ার ও ফুলের টব ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহিন। প্রত্যক্ষদর্শীদের দাবি, যুবদলের এক নেতাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর ছাত্রদলের কয়েকজন কর্মী তুহিনের ওপর হামলা চালান।
 
পরে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল, উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাইদসহ কয়েকজন তাকে রক্ষা করেন বলে জানা গেছে।

আহত সাংবাদিক তৌহিদুর রহমান তুহিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তার হৃদ্‌যন্ত্রে দুটি রিং বসানো হয়েছে। চিকিৎসক তাকে ১৪ দিনের বিশ্রাম এবং পরবর্তী সময়ে এনজিওগ্রাম করার পরামর্শ দিয়েছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও সংবাদ সংগ্রহের জন্য তিনি ঘটনাস্থলে যান। হামলার পর তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তৌহিদুর রহমান তুহিন বলেন, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে আয়োজিত কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। সংবাদ কাভার করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা দুঃখজনক। চিকিৎসার জন্য পুনরায় ঢাকায় যাওয়ার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক সুপারিশের মাধ্যমে ফ্যামিলি কার্ডের নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিয়োগ তালিকা বাতিল করে স্বচ্ছ ও নতুন প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানান।
 
ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন দাবি করেন, নিয়োগপ্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগ ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন। এনসিপির জেলা যুগ্ম সমন্বয়ক মাকসুদুর রহমান আরিফও নিয়োগে কারসাজির অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুপারভাইজার পদে এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সরকারি নিয়ম অনুসরণ করে মেধার ভিত্তিতে ৭৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ থেকে বঞ্চিত ব্যক্তিরাই ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছেন বলে দাবি করেন তিনি।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুরুল হোদা জানান, ঘটনার সময় পরিস্থিতি উত্তপ্ত ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে স্থানীয় সাংবাদিকরা ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গাইবান্ধার অন্যান্য উপজেলায়ও ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও ইউএনও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। তবে ফুলছড়ি ছাড়া অন্য কোথাও ভাঙচুর বা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া যায়নি।

Share: