Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’ - Chief TV

‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’ - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  22 views
‘গল্প স্ট্রং হলে শাকিব খানকে না পেলেও অনেক কিছু করা যায়’ - Chief TV

ঢাকাই চলচ্চিত্রে শাকিব খানকেন্দ্রিকতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে ঈদে তাঁর সিনেমাগুলোকে ঘিরে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয় বাড়তি আগ্রহ। তবে শাকিব খানের ওপর নির্ভরতা কমিয়ে চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে ভালো গল্প, দক্ষ কলাকুশলী ও পেশাদার নির্মাণব্যবস্থার ওপর গুরুত্ব দিয়েছেন পরিচালক হিমেল আশরাফ।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘আজকের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ‘প্রিয়তমা’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

তিনি বলেন, সিনেমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শক্তিশালী গল্প। ভালো গল্প থাকলে শাকিব খান ছাড়াও অনেক কিছু করা সম্ভব। তবে চলচ্চিত্রশিল্পে ভালো চিত্রনাট্যকারের অভাব রয়েছে। পাশাপাশি নায়ক-নায়িকার বাইরেও দক্ষ ও অভিজ্ঞ জ্যেষ্ঠ শিল্পীর সংকট রয়েছে, যা সিনেমা নির্মাণে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

চলচ্চিত্র নির্মাণে দক্ষ কারিগরি কর্মীর অভাবের বিষয়টিও তুলে ধরেন হিমেল। তাঁর মতে, আগে চলচ্চিত্রে দক্ষ শিল্প নির্দেশক ও চিত্রগ্রাহক থাকলেও এখন অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনশিল্পের কর্মীদের ওপর নির্ভর করতে হয়। তাঁদের পারিশ্রমিকও তুলনামূলক বেশি। ফলে সীমিত বাজেটের সিনেমা নির্মাণে খরচের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে।

হিমেল আশরাফ বলেন, চলচ্চিত্রের সহকারী পরিচালক নিয়োগের ক্ষেত্রেও কলকাতার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাঁর মতে, দেশে এমন পেশাদার প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন, যেখান থেকে দক্ষ চিত্রগ্রাহক, রূপসজ্জাশিল্পী ও সহকারী পরিচালক তৈরি হবেন। এতে চলচ্চিত্র নির্মাণের মান ও সংখ্যা—দুটিই বাড়ানো সম্ভব হবে।

সভায় উপস্থিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও শাকিব খানকেন্দ্রিকতা থেকে বেরিয়ে নতুন শিল্পীদের নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শাকিব খানকে নিয়ে যে বাজেটে সিনেমা নির্মাণ করা হয়, সেই বাজেটে নতুন একজন শিল্পীকে নিয়েও সিনেমা তৈরি করা যেতে পারে। এতে নতুন তারকা তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

জয় আরও বলেন, চলচ্চিত্রশিল্পের উন্নয়নে মূল সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে মনোযোগ দেওয়া প্রয়োজন। মতভেদ ও বিতর্ক থাকলেও সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনে সরকারের সঙ্গে বৈঠক করে শিল্পের সমস্যাগুলো তুলে ধরতে হবে।

‘আজকের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভায় চলচ্চিত্রের ই-টিকিটিং, সরকারি অনুদান, চলচ্চিত্র নীতিমালা এবং পরিবেশনা ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় অভিনেতা, পরিচালক ও প্রযোজকেরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন হেলাল খান, শিবা শানু, অমিতাভ রেজা চৌধুরী, বদিউল আলম খোকন, আরশাদ আদনান, শাহরিয়ার শাকিল, ছটকু আহমেদ, শাহিন সুমন ও শাহিন কবির টুটুলসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকে।

 


Share: