পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তিতে পণ্য কেনা এক গ্রাহকের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন প্লাজা। প্রতিষ্ঠানের ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় মৃত গ্রাহকের অবশিষ্ট কিস্তির পুরো অর্থ মওকুফের পাশাপাশি পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কুমারপট্টি এলাকায় ওয়ালটন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে মৃত গ্রাহক কৃষক আব্দুস সালাম মিয়ার স্ত্রী রেহেনা বেগম ও ছেলে মো. সুজনের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, টিয়াখালী ইউনিয়নের পূর্ব বাদুরতলী এলাকার বাসিন্দা আব্দুস সালাম মিয়া কিস্তিতে ওয়ালটনের একটি ফ্রিজ কিনেছিলেন। কিস্তি পরিশোধ চলমান অবস্থায় ক্যান্সারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’র আওতায় তাঁর পরিবারের বিষয়টি বিবেচনা করে অবশিষ্ট কিস্তির পুরো অর্থ মওকুফ এবং ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়ালটন প্লাজার সিনিয়র ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার আবু রায়হান বলেন, কিস্তিতে পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহক ও তাঁদের পরিবারের নিরাপত্তাকেও গুরুত্ব দেয় ওয়ালটন। কোনো গ্রাহকের অকাল মৃত্যু হলে প্রতিষ্ঠানের নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
মৃত গ্রাহকের স্ত্রী রেহেনা বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছিল। ওয়ালটন প্লাজা থেকে ডেকে নিয়ে সহায়তার অর্থ দেওয়ায় তাদের অনেক উপকার হবে। তিনি এ সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা জানান।
আব্দুস সালামের ছেলে সুজন বলেন, বাবার মৃত্যুর পর তারা অনেকটাই ভেঙে পড়েছিলেন। এই কঠিন সময়ে ওয়ালটনের দেওয়া সহায়তা তাদের জন্য বেশ উপকারে আসবে।
অনুষ্ঠানে ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার আব্দুস সেলিম, কলাপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. রেজাউল ইসলাম, ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।