গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৩ আগস্ট রাত ৮টার দিকে ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার ১২ জন জেলেকে নিয়ে সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে যাওয়ার পর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি গভীর সাগরে ভাসতে থাকে।
পরবর্তীতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে ফোন করে বিষয়টি মালিকপক্ষকে জানান। পরে ট্রলারটির মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ট্রলারটির সন্ধান পেয়ে ১২ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। ট্রলারসহ উদ্ধার করা জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের ওই কর্মকর্তা জানান, সমুদ্রে বিপদে পড়া মানুষের জরুরি সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।