Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / জামায়াতের দায়িত্বশীলদের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাওয়ার আহ্বান - Chief TV

জামায়াতের দায়িত্বশীলদের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাওয়ার আহ্বান - Chief TV

2026-08-15  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  36 views
জামায়াতের দায়িত্বশীলদের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাওয়ার আহ্বান - Chief TV

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংগঠন পরিচালনা ও দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হচ্ছে। এ পরিস্থিতিতে দায়িত্বশীলদের গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের পাশাপাশি আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা, জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করা এবং আদর্শ ও উত্তম আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলা ও মহানগরীর দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলদের সতর্ক ও সচেতন থাকতে হবে। মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা ও হিকমত অবলম্বনের পাশাপাশি সংগঠন পরিচালনার দায়িত্বের সঙ্গে পরিবার সুরক্ষা ও পারিবারিক পরিবেশ গঠনের প্রতিও গুরুত্ব দিতে হবে। নেতৃবৃন্দকে নিয়মিত আত্মজিজ্ঞাসার মাধ্যমে নিজেদের দায়িত্ব পালনের উপযোগী ও গ্রহণযোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।

১১ দলীয় ঐক্যের কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকার ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে যে অনাগ্রহ দেখাচ্ছে, তার প্রতিবাদ এবং জনগণের দাবি বাস্তবায়নে ১১ দল রোডমার্চসহ নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ১১ দলের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার কথা বলেন।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম। এতে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। এছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক শিবির সভাপতি মো. দেলওয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা এটিএম মাসুম বলেন, সংগঠনের মেজাজ ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে ভূমিকা রাখতে হবে। সংগঠনের পরিবেশ ক্ষুণ্ন করতে পারে এমন কর্মকাণ্ড পরিহার করে পরস্পরের দোষত্রুটি ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করতে হবে। একই সঙ্গে অহংকারমুক্ত থেকে সংগঠন ও আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

মাওলানা আবদুল হালিম বলেন, তিন দিনের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত, গতিশীল ও গণমুখী করতে হবে। বিগত নির্বাচনে রংপুর অঞ্চলের মানুষ জামায়াতের প্রতি যে আস্থা দেখিয়েছে, কাজের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির মাধ্যমে সংগঠনের যে অবস্থান তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষাশিবিরে কোরআন-হাদিস অনুশীলন, বই পাঠ এবং বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়। অঞ্চল টিম ও জেলা-মহানগরীর দায়িত্বশীলরা এসব কার্যক্রম পরিচালনা করেন। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ফকীহ মাওলানা আব্দুল হাকিম শিক্ষাশিবিরটি সঞ্চালনা করেন। নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির নেতৃত্বে নীলফামারী জেলা সংগঠন শিবিরের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।


Share: