Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ - Chief TV

কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ - Chief TV

2026-10-28  ডেস্ক রিপোর্ট  48 views
কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ - Chief TV

রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিচালকের অভিযোগ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা দলবদ্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কাজী আহমেদ জাকি নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় ৮ থেকে ৯ জন ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। পরে তাঁরা তাঁকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করেন বলে ভিডিওতে দেখা যায়।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাজী আহমেদেরও কিছু দোষ রয়েছে। এ সময় তিনি একটি ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের সময়ে কাজী আহমেদ কীভাবে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন।

জনস্বাস্থ্যবিদ মীরজাদী সাবরিনা ফ্লোরা আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং আইইডিসিআরের বিভিন্ন দায়িত্বে ছিলেন। করোনাভাইরাস মহামারির সময় সংবাদমাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

ঘটনার সময় পরিচালকের কক্ষে উপস্থিত থাকা এক জনস্বাস্থ্যবিদ গণমাধ্যমকে জানান, যাঁরা কাজী আহমেদ জাকিকে মারধর করেছেন, তাঁদের আগে কখনো আইইডিসিআরে দেখেননি তিনি।

আইইডিসিআর দেশের রোগতত্ত্ব, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠানটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও যৌথভাবে কাজ করে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয়, হামলার কারণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Share: