ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে খুলনায় গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
একসময় ঢাকাই চলচ্চিত্রের নিয়মিত মুখ ছিলেন পপি। বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।
বর্তমানে তাঁকে প্রকাশ্যে দেখা যায় না বললেই চলে। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তাঁর যোগাযোগ সীমিত। মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পপিকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত থাকায় পপির বর্তমান অবস্থান সম্পর্কে চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছেও স্পষ্ট তথ্য নেই।