মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক তত্ত্বাবধানে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির আওতায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে।
আয়োজকরা জানান, উপকূলীয় এলাকায় এসব গাছ মাটি ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণ ও টেকসই সবুজায়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।