Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / নামাজের সিজদায় গিয়ে আর ওঠেননি ইমাম - Chief TV

নামাজের সিজদায় গিয়ে আর ওঠেননি ইমাম - Chief TV

2026-08-17  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  45 views
নামাজের সিজদায় গিয়ে আর ওঠেননি ইমাম - Chief TV

পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের নামাজের সিজদায় গিয়ে মারা গেছেন মসজিদটির ইমাম হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। সোমবার (১৭ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার ভোরেও ফজরের নামাজের আগে সুন্নত নামাজ আদায় করতে দাঁড়ান আতাউল্লাহ। নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর আর ওঠেননি তিনি। দীর্ঘ সময় সিজদায় থাকার বিষয়টি মুসল্লিদের নজরে এলে তারা কাছে গিয়ে দেখতে পান, আতাউল্লাহ মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহত আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তিনি দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। বাবা মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান আতাউল্লাহ দুই সন্তানের জনক ছিলেন। প্রায় দেড় বছর ধরে মৌকরন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওই বাজার মসজিদে ইমামতি করে আসছিলেন তিনি।

স্থানীয়রা জানান, ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকাবাসীর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। শান্ত ও বিনয়ী স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, বাবার একমাত্র সন্তান হওয়ায় পরিবারের জন্য আতাউল্লাহ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প বয়সে তাঁর মৃত্যুতে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার জোহরের নামাজের পর দুমকী উপজেলার শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।


Share: