Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নরসিংদী / নরসিংদীতে ছেলের হাতে বাবা নিহত, আহত মা ও ভাই - Chief TV

নরসিংদীতে ছেলের হাতে বাবা নিহত, আহত মা ও ভাই - Chief TV

2026-09-04  সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি  29 views
নরসিংদীতে ছেলের হাতে বাবা নিহত, আহত মা ও ভাই - Chief TV

নরসিংদীর শিবপুরে ছেলের হামলায় আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে গিয়ে নিহতের স্ত্রী ও অপর ছেলে আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

নিহত আব্দুল বাছেদ মিয়া ওই গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত শাকিল চৌধুরী (৩৫) পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক এবং তিনি নিহতের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ছেলে শাকিলের সঙ্গে পরিবারের কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা ও ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা আব্দুল বাছেদের স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান।

অভিযোগ রয়েছে, এ সময় বাধা দিতে গেলে শাকিল তার মা সখিনা বেগম ও ভাই নুরুন্নবী রাশেদকেও আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল বাছেদ মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ঘটনার কারণ অনুসন্ধান এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Share: