Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / নতুনদের নিয়ে রানওয়ে মাতাতে প্রস্তুত ফ্যাশন উইক - Chief TV

নতুনদের নিয়ে রানওয়ে মাতাতে প্রস্তুত ফ্যাশন উইক - Chief TV

2026-09-03  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  33 views
নতুনদের নিয়ে রানওয়ে মাতাতে প্রস্তুত ফ্যাশন উইক - Chief TV

নবীন মডেলদের সম্ভাবনা খুঁজে বের করে তাদের পেশাদার মডেলিংয়ে এগিয়ে নিতে রাজধানীতে বিশেষ অডিশন ক্লাসের আয়োজন করেছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক। আয়োজকদের দাবি, এটি শুধু প্রতিযোগিতামূলক অডিশন নয়, বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়ার একটি প্রশিক্ষণ কার্যক্রম।

রোববার দুপুরে রাজধানীর গুলশানের নিকেতনে অনুষ্ঠিত হয় এই অডিশন। প্রথম দিনেই এতে অন্তত ১২০ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়। ধাপে ধাপে প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে নির্বাচিতদের মধ্য থেকে সম্ভাবনাময়দের পেশাদার মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, স্টাইলিস্ট ও ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু, ফাতিহা মিয়ামী, মাশিয়াত রহমান, তাসনুভা খানসহ আরও অনেকে। তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের দক্ষতার ওপর গুরুত্ব দেন।

আয়োজক কমিটির প্রধান সুমন হোসেন ও মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, একজন মডেল সফল হতে শুধু সৌন্দর্য যথেষ্ট নয়। এর পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাছাই হওয়া অংশগ্রহণকারীদের ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে দক্ষ করে তোলার লক্ষ্য রয়েছে।

প্রথম দিন থেকেই অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। কীভাবে সঠিকভাবে র‌্যাম্পে হাঁটতে হবে, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হবে এবং উপযুক্ত পোশাক নির্বাচন করতে হবে—এসব বিষয়ে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি অভিজ্ঞ ট্রেনাররা নবীনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়েও পরামর্শ দেন।

অডিশনে অংশ নেওয়া নবীন মডেলরা জানান, প্রথম দিনেই তারা অনেক নতুন বিষয় শিখেছেন। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে পাওয়া নির্দেশনা ভবিষ্যতে তাদের কাজে আসবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ক্লাস থেকেই ভবিষ্যতে ফ্যাশন অঙ্গনে অনেক নতুন মুখ উঠে আসবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত মডেলরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন বলে প্রত্যাশা তাদের।

আয়োজন ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণ শেষে নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে। সেখানে নবীন মডেলরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।


Share: