পটুয়াখালীর বাউফলে পিআইও নাসির উদ্দিন ও এএসআই বসির উদ্দিনের বিরুদ্ধে হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (৩০ আগস্ট) উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শতাধিক এলাকাবাসী অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একের পর এক মামলায় জড়ানো হয়েছে। এতে বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিন ধরে হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে বলে দাবি তাদের।
স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহিম মৃধার ছেলে মো. আল-আমীনের বিরুদ্ধে প্রায় ১০টি মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর ধরে হয়রানি করা হয়েছে। এছাড়া স্থানীয় একটি বিরোধের সালিশ-মীমাংসায় অংশ নিতে আসা আহাদুল ইসলাম টিপুর বিরুদ্ধেও মাদকসহ তিনটি মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।
তাদের দাবি, দারোগা বাড়ি এলাকার প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তিকে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। এসব মামলার পেছনে ব্যক্তিগত বিরোধ ও উদ্দেশ্যপ্রণোদিত কারণ থাকতে পারে বলেও অভিযোগ তোলেন তারা।
মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
কর্মসূচিতে আব্দুর রহিম মৃধা, মো. আসাদুল, মো. ইসমাইল, মোসা. রহিমা বেগম ও জেরিন বেগমসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অভিযোগের বিষয়ে পিআইও নাসির উদ্দিন বলেন, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। তবে এএসআই বসির উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে, সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, অভিযোগের প্রতিকার না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।