Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / হাসপাতালে খালেদা আক্তার কল্পনার পাশে অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধি দল

হাসপাতালে খালেদা আক্তার কল্পনার পাশে অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধি দল

2026-10-13  আহমেদ সাব্বির রোমিওঃ  72 views
হাসপাতালে খালেদা আক্তার কল্পনার পাশে অভিনয়শিল্পী সংঘের প্রতিনিধি দল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গত ১৩ দিন চিকিৎসাধীন রয়েছেন তিনি। অভিনয়শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদক সুচনা সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল খালেদা আক্তার কল্পনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। অভিনেত্রী সূচনা সিকদার বলেন, “সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা আন্টি গুরুতর অসুস্থ। গত ১৩ দিন ধরে ইনসাফ বারাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি।”  

সবার কাছে দোয়া চেয়েছেন খালেদা আক্তার কল্পনা। তা জানিয়ে সূচনা সিকদার বলেন, “তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”

এখন ঠিক কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তা বিস্তারিত জানা যায়নি। তবে কয়েক মাস আগে খালেদা আক্তার কল্পনার শারীরিক অবস্থা বর্ণনা করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য সনি রহমান বলেন, “বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক সমস্যা দেখা দেওয়াই স্বাভাবিক। কল্পনা আপুও সেই বাস্তবতার মধ্য দিয়েই যাচ্ছেন।”

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে ১৯৮৪ সালে চলচ্চিত্রে পথচলা শুরু করেন খালেদা আক্তার কল্পনা। তারপর আর পেছনে তাকাতে হয়নি- দীর্ঘ ক্যারিয়ারে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

পরিচালক মিজানুর রহমানের ‘হনুমানের পাতাল বিজয়’ দিয়ে অভিনয়ে অভিষেক হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল মতিন রহমান পরিচালিত ‘রাধাকৃষ্ণ’।  

অভিনয়ে আসার আগের গল্পটাও যেন সিনেমার মতোই। শিক্ষকতা ছিল তার পেশা। একদিন লন্ড্রি থেকে আনা কাপড়ের ভাঁজে হঠাৎ চোখে পড়ে একটি বিজ্ঞাপন- ‘নতুন মুখের সন্ধানে’। কৌতূহল থেকে আবেদন করেছিলেন, তারপর ভুলেও গিয়েছিলেন। কিন্তু সেই ছোট্ট কাগজটিই বদলে দেয় তার পুরো জীবন, এনে দেয় আলো-ঝলমলে এক যাত্রা।  

তবে সময়ের কাছে মানুষকে হার মানতে হয়। ফলে কর্মমুখর সেই মানুষটি নিভৃতে, নীরবে সময় কাটাচ্ছেন অসুস্থতার সঙ্গে লড়াই করে। পর্দার উজ্জ্বল এই মুখের জন্য সহকর্মী, ভক্ত-অনুরাগীদের একটাই প্রার্থনা- আবার সুস্থ হয়ে হাসিমুখে কর্মব্যস্ত সময়ে ফিরে আসুক প্রিয় খালেদা আক্তার কল্পনা।


Share: