Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক? - Chief TV

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক? - Chief TV

2026-08-23  বিনোদন ডেস্ক  34 views
কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক? - Chief TV

অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে নজর কেড়েছেন। ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে খালেদা জিয়াকে নিয়ে আলোচনা করেছেন তিনি।

‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের পর্বটির শুটিং হয়েছে ঢাকার জিয়া উদ্যান ও একটি স্টুডিওতে। ভিডিওটির ক্যাপশনে খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ এবং রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেছেন চমক।

ভিডিওতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও সানগ্লাসে দেখা যায়। তার সাজ ও উপস্থিতিতে খালেদা জিয়ার পরিচিত লুকের ছাপ ফুটে ওঠে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ভিন্নধর্মী উপস্থাপনা নিয়ে প্রশংসা শুরু হয়।

মন্তব্যের ঘরে ভক্তরা চমকের সাজ, উপস্থাপনা ও অভিনয় দক্ষতার প্রশংসা করেন। অনেকেই তার এই লুককে ব্যতিক্রমী ও আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন।

এর আগে বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার লক্ষ্যে ফরম কিনে আলোচনায় এসেছিলেন চমক। সে সময় রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন চমক। এরপর ‘মহানগর’, ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’ ও ‘সাদা প্রাইভেট’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিয়মিত ভ্লগিংও করছেন এই অভিনেত্রী।


Share: