বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর পরিবারের করা মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে। ওই কিশোরী শাপলা তুলতে ঘের এলাকায় গেলে একই এলাকার বাসিন্দা সুমন তাকে মাছ দেওয়ার কথা বলে নির্জন একটি স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে কিশোরীকে হুমকি দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। এ কারণে ভয়ে কয়েকদিন ঘটনাটি গোপন রাখে সে। পরে শারীরিক অসুস্থতা দেখা দিলে কিশোরীর মামী বিষয়টি জানতে চান। একপর্যায়ে তার কাছে ঘটনার বিস্তারিত জানায় কিশোরী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ভয়ে কিশোরী এতদিন মুখ খুলতে পারেনি। শুক্রবার দুপুরে বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেন।
পরে শুক্রবার বিকেলে ভুক্তভোগীর মামা শিপন বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন শিকদারকে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো এবং অভিযোগের দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।