Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ - Chief TV

পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ - Chief TV

2026-10-29  ডেস্ক রিপোর্ট  31 views
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ - Chief TV

পাকিস্তানের একটি স্বাস্থ্যকেন্দ্রে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির সিন্ধু প্রদেশের থারপারকার জেলায় এ দুর্ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের পরিচালিত অ্যাম্বুলেন্সটিতে অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় আগুন ধরে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই সময় অ্যাম্বুলেন্সের ভেতরে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। এরপর বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে ওই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একজন ডিসপেনসার, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাপ্রহরী ও আরেকজন কর্মী রয়েছেন। উদ্ধারকর্মীদের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও দুজন অ্যাটেনডেন্টও ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুজন মিডওয়াইফ এবং একজন নারী অ্যাটেনডেন্ট। তাঁদের চিকিৎসার জন্য মিথির সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

থারপারকার পাকিস্তানের শুষ্ক অঞ্চলগুলোর একটি। এ জেলার অনেক বাসিন্দা চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভর করেন। অ্যাম্বুলেন্সে এ প্রাণঘাতী বিস্ফোরণ স্থানীয় স্বাস্থ্যসেবা ও জরুরি পরিবহনব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


Share: