খাগড়াছড়ির পানছড়িতে আসন্ন সেপ্টেম্বর মাসে সম্ভাব্য ঝুঁকি ও বিভিন্ন ধর্মীয় দিবসকে কেন্দ্র করে সহিংসতা মোকাবিলা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জোনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম।
সভায় আসন্ন সেপ্টেম্বর মাসে সম্ভাব্য ঝুঁকি ও হুমকি পর্যালোচনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদ, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) সহকারী পরিচালক মো. আব্দুল মতিন ও মো. শাহ আলম, আনসার-ভিডিপির প্রশিক্ষক সুলতানা আক্তার, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণব, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলাম মাহিম, সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পানছড়ির শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সম্ভাব্য ঝুঁকি আগাম শনাক্ত করা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো, জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
৩ বিজিবির পক্ষ থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।