Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / খাগড়াছড়ি / পানছড়িতে যৌথ অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক - Chief TV

পানছড়িতে যৌথ অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক - Chief TV

2026-08-15   65 views
পানছড়িতে যৌথ অভিযানে ৪১৯ ঘনফুট অবৈধ কাঠ আটক - Chief TV

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযানে ৪১৯ দশমিক ৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও পানছড়ি রেঞ্জের সদস্যরা যৌথভাবে পশ্চিম ফাতেমানগর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা সেগুন ও গামারী কাঠ আটক করেন। অভিযানে নেতৃত্ব দেন ৩ বিজিবির সুবেদার মো. মোখলেছুর রহমান এবং পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী।

আটক কাঠের মধ্যে ১৯৩টি টুকরায় ২৫৩ দশমিক ০৩ ঘনফুট সেগুন এবং ৭৮টি টুকরায় ১৬৬ দশমিক ৫২ ঘনফুট গামারী কাঠ রয়েছে। সব মিলিয়ে ২৭১টি টুকরায় আটক করা কাঠের পরিমাণ ৪১৯ দশমিক ৫৫ ঘনফুট। এসব কাঠের আনুমানিক জব্দমূল্য ৪ লাখ ৭ হাজার ৮৭৩ টাকা ৫০ পয়সা।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ কাঠগুলো আটক করা হয়েছে। বনজ সম্পদ রক্ষা এবং অবৈধভাবে কাঠ পাচার ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পানছড়ি রেঞ্জ কর্মকর্তা উহলামং চৌধুরী জানান, জব্দকৃত বনজদ্রব্য পানছড়ি রেঞ্জের হেফাজতে রয়েছে। যথাযথ তদন্ত শেষে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


Share: