Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / পটুয়াখালী / শাইখ সিরাজকে ৫ লাখ টাকার লিগ্যাল নোটিশ - Chief TV

শাইখ সিরাজকে ৫ লাখ টাকার লিগ্যাল নোটিশ - Chief TV

2026-08-20  জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি  32 views
শাইখ সিরাজকে ৫ লাখ টাকার লিগ্যাল নোটিশ - Chief TV

পটুয়াখালীর বাউফলের সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের একটি ভিডিও প্রতিবেদনে ‘মিথ্যা’ কপিরাইট দাবি করার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক ও কৃষি বিষয়ক সাংবাদিক শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন রেজিস্ট্রি ডাকযোগে তার পক্ষে এই নোটিশ পাঠান।

নোটিশ সূত্রে জানা গেছে, জি এম মশিউর রহমান মিলন দৈনিক খবরের কাগজ ও ৭১ টিভির বাউফল প্রতিনিধি এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক। গত ২৬ জুলাই তিনি নিজের ফেসবুক পেজে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতে ধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। তার দাবি, ঘটনাস্থলে উপস্থিত থেকে নিজেই ভিডিওটি ধারণ ও প্রতিবেদনটি তৈরি করেন।

প্রকাশের পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ভিডিওটিতে প্রায় ৮১৫টি লাইক, ২৭৯টি মন্তব্য ও ২৬৭টি শেয়ার হয়।

অভিযোগ অনুযায়ী, ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের রাইটস ম্যানেজার ব্যবহার করে ভিডিওটির ৩৩ সেকেন্ড থেকে ৬ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত অংশের মালিকানা দাবি করে। এর পর ফেসবুক কর্তৃপক্ষ ভিডিওটি বিশ্বজুড়ে ব্লক করে দেয়।

নোটিশে দাবি করা হয়েছে, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই চ্যানেল আইয়ের পক্ষ থেকে ওই ভিডিওর ওপর কপিরাইট দাবি করায় সাংবাদিক মিলন তার সৃজনশীল কাজের স্বীকৃতি ও সম্ভাব্য আর্থিক আয় থেকে বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে এতে তার পেশাগত মর্যাদা ও সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

লিগ্যাল নোটিশে সাত দিনের মধ্যে কপিরাইট দাবি প্রত্যাহার করে ভিডিওটি পুনরায় সচল করা, ঘটনার জন্য সাংবাদিক মিলনের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়া এবং পেশাগত সম্মানহানি ও আর্থিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়ার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ করা না হলে প্রচলিত কপিরাইট, সাইবার নিরাপত্তা ও মানহানি আইনের আওতায় শাইখ সিরাজের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।


Share: