খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে জেলা ও উপজেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১আগস্ট) দুপুর ১২টায় জেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, সদস্য মো. নুরুল আবছার ও মোশাররফ হোসেন। এছাড়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর মল্লিক, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজুসহ জেলা ও বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন খাতের সমস্যা, অনিয়ম, দুর্নীতি ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন সাংবাদিকরা। পাশাপাশি স্বাস্থ্যসেবার সংকট, শিক্ষা খাতের নানা সমস্যা, কৃষির সম্ভাবনা ও প্রতিবন্ধকতাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সাংবাদিকরা জেলার উন্নয়ন ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে পরিষদের কার্যক্রমে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জনস্বার্থে পরিষদের বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার বিষয়ে মতামত দেন তারা।
সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, নতুন পরিষদকে কোনো নির্দিষ্ট দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে জেলার সব মানুষের জন্য কাজ করা হবে। জনগণের সেবা নিশ্চিত করে জেলা পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
জেলার বিভিন্ন সমস্যা ও বাস্তব পরিস্থিতি বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি পরিষদের কার্যক্রমে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।