Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / সুন্দরবনে চার বাহিনীর ৫২ দস্যু সদস্যের আত্মসমর্পণ - Chief TV

সুন্দরবনে চার বাহিনীর ৫২ দস্যু সদস্যের আত্মসমর্পণ - Chief TV

2026-09-02  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  38 views
সুন্দরবনে চার বাহিনীর ৫২ দস্যু সদস্যের আত্মসমর্পণ - Chief TV

সুন্দরবনে দীর্ঘদিন ধরে সক্রিয় চারটি বনদস্যু বাহিনীর ৫২ সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। অস্ত্রসহ তাদের এই আত্মসমর্পণকে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এবং বনজীবীদের স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৩১ আগস্ট) চারটি সক্রিয় বনদস্যু বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর আটজন সদস্য রয়েছেন। চার বাহিনীর প্রধানসহ সদস্যদের আত্মসমর্পণ সুন্দরবনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের মুখে দস্যু জীবনের অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে তারা আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন।

সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি ও মৌয়ালরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দস্যুচক্রের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। দস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে অনেক বনজীবী জীবিকার প্রয়োজনে বনে যেতে ভয় পেতেন। এ অবস্থায় একসঙ্গে বিপুলসংখ্যক দস্যুর আত্মসমর্পণে স্বস্তি প্রকাশ করেছেন বননির্ভর মানুষ।

র‌্যাব জানিয়েছে, আত্মসমর্পণকারী ৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে সুন্দরবনে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করা হবে।

সংশ্লিষ্টদের মতে, শুধু আত্মসমর্পণেই সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত বলা সম্ভব নয়। নতুন করে কোনো অপরাধী চক্র যেন সক্রিয় হতে না পারে, সেজন্য কঠোর নজরদারির পাশাপাশি বনজীবীদের নিরাপত্তা ও আত্মসমর্পণকারীদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে চার বাহিনীর সদস্যদের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


Share: